কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনিসহ দুই মন্ত্রীকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিনি ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আলোচনায় বসবেন। তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই আমরা আলোচনায় বসতে পারি। আইনমন্ত্রী বলেন, ‘আগামী ৭ আগস্ট কোটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি এগিয়ে আনার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেলকে আমি নির্দেশ দিয়েছি, তিনি যেন উচ্চ আদালতে আবেদন করে শুনানি এগিয়ে আনার চেষ্টা করেন।’ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষ আবেদন করবে বলে জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে।
এদিকে সরকারি চাকরিতে নিয়োগের (৯ম থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত) ক্ষেত্রে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই লিভ টু আপিল দায়ের করা হয়।
দুই শিক্ষার্থীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল বা সংশোধন চাওয়া হয়েছে। শুনানির বিষয়ে পরবর্তী পদক্ষেপ শনিবার জানানো হবে।

