ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস ও এক রানের জয়ে শীর্ষে রংপুর

Link Copied!

walton-ncl

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শেষ দিনে একইরকম সুযোগের সামনে ছিল রাজশাহী ও সিলেট বিভাগ। নয় উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দলদুটি। চ্যালেঞ্জ ছিল, সারাদিন ব্যাট করার। তাতে হার এড়ানো তথা অন্তত ড্র আদায় করতে পারতো তারা। কিন্তু মিরপুরে সিলেট আর বিকেএসপির ৩ নম্বর মাঠে সেই চ্যালেঞ্জ পাড়ি দিতে ব্যর্থ হয়েছে রাজশাহী।
ফলে ওয়ালটন ১৬তম জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে মিরপুরে সিলেটকে ১৩৫ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। এটি তাদের দ্বিতীয় জয়। বিকেএসপির ৩ নম্বর মাঠে রাজশাহীকে ইনিংস ও ১ রানে পরাজিত করেছে রংপুর বিভাগ। লিগে এটি তাদের তৃতীয় জয়।
লিগের অপর দুটি ম্যাচ ড্র হয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচ ড্র হয়েছে। তুষার ইমরান ম্যাচ সেরা হন। বিকেএসপির ২ নম্বর মাঠে বরিশাল-চট্টগ্রামের ম্যাচটিও ড্র হয়। ডাবল সেঞ্চুরিয়ান মোসাদ্দেক হোসেন সৈকত ম্যাচ সেরা হন।
পঞ্চম রাউন্ড শেষে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর বিভাগ। পাঁচ ম্যাচে ৩ জয়, ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৮৭ পয়েন্ট। সমান সংখ্যক জয়, ১ হার ও ১ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা। ৮৬ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় ঢাকা বিভাগের অবস্থান তৃতীয়। ঢাকা মেট্রো চারে। পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
মিরপুরে দ্বিতীয় ইনিংসে সিলেটের জয়ের জন্য টার্গেট ছিল ৩৫৭ রান। তৃতীয় দিন শেষে তারা ১ উইকেটে ৩৩ রান করেছিল। বৃহস্পতিবার ঢাকা মেট্রোর বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছে সিলেট।দলের পক্ষে ইমতিয়াজ ৩৫, রোমান ৩৯, অধিনায়ক কাপালি ৩০, নাজমুল মিলন ২৮ ও সাদিকুর অপরাজিত ৩৮ রান করেন। ঢাকা মেট্রোর শরীফউল্লাহ ৩টি, শহীদ, ইলিয়াস সানি, মার্শাল আইয়ুব ২টি করে উইকেট নেন। শামসুর রহমান ম্যাচ সেরা হন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথম ইনিংসে রংপুরের করা ৫২৭ রানটাই পাড়ি দিতে পারেনি রাজশাহী দুই ইনিংসে। তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৮৫ রান করেছিল তারা। বৃহস্পতিবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় রাজশাহী। সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত ছিলেন মুক্তার আলী। মিজানুর ৬১, ফরহাদ রেজা ২৫, জুনায়েদ ২৩ রান করেন। রংপুরের সাজেদুল ৪টি, তানভীর হায়দার ৩টি ও শুভাশীষ ২টি উইকেট নেন। রংপুরের লিটন কুমার ম্যাচ সেরা হন।