
স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্র ২-০ গোলে পরাজিত করেছে ঢাকার বাইরের দল চট্টগ্রাম আবাহনীকে।
দুই অর্ধে দুই বিদেশি ফুটবলারের দুই গোলে সেমিফাইনালে পা রাখে শেখ রাসেল।
শুরু থেকেই শেখ রাসেল আক্রমণ করে খেলতে থাকলেও গোল পেতে তাদের ৪০ মিনিট অপেক্ষা করতে হয়। প্রথমার্ধে অন্তত দু’টি গোলের সহজ সুযোগ হাতছাড়া করে শেখ রাসেল।
২৫ মিনিটে দেশসেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির বাঁকানো ক্রস থেকে শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগুজির শট সাইড বারে লেগে ফেরত আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় শেখ রাসেল।
৩০ মিনিট এমিলির হেড থেকে বল পেয়ে ইউসুফ আলী সিফাত গোলমুখে শট নিলেও তা ক্রসবারের উপর দিয়ে বাইরে গেলে গোলের দেখা পায়নি শেখ রাসেল।
৪১ মিনিটে এমিলির নিচু ক্রস থেকে বল পেয়ে কিংসলে চিগুজি প্লেসিং শটে বল জালে পাঠান (১-০)।
৫৭ মিনিটে অধিনায়ক মিথুন চৌধুরীর স্কয়ার পাস থেকে বিদেশি রিক্রুট ক্যামেরুনের পল এমিলি ৩০ গজ দূর থেকে দুরন্ত শটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন (২-০)।
এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে উন্নীত হয়।
শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লি: ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫-১৫টায় শুরু হবে খেলাটি।

