বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী হিসেবে কঙ্গনা রানাওয়াত তার অভিনয়ের জন্য প্রশংসিত হলেও বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্যের কারণে তিনি সমালোচিত হন। বহুল চর্চিত এই নায়িকা এবার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন। পদ্ম শিবিরের হয়ে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারেই জয়লাভ করে চমক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। সোমবার (২৪ জুন) সংসদের বিশেষ অধিবেশনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে লোকসভার সদস্য হিসেবে নিলেন শপথ।
দীর্ঘদিন ধরেই কঙ্গনার রাজনীতি কেন্দ্রিক বিভিন্ন মন্তব্যের কারণে তাকে বিজেপি ঘনিষ্ঠ বা মোদী ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি দেওয়া হত। তবে এবার থেকে তার নতুন পরিচয় তিনি বিজেপির সাংসদ। সোমবার আনুষ্ঠানিকভাবে লোকসভা সদস্য হিসেবে শপথগ্রহণও করে ফেললেন আলোচিত এই অভিনেত্রী। তার শপথ গ্রহণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারে সাদামাটা সাজে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। এদিন তাকে দেখা গিয়েছে সাদা শাড়িতে। সঙ্গে একই রঙের ব্লাউজ। কানে ও গলায় সাদা পাথরের সেট। তার এই সাদামাটা লুক তার নায়িকার চেয়ে ‘নেত্রী’ তকমাকে বিশেষভাবে উপস্থাপন করেছে।
শপথ নেওয়ার পরে, কঙ্গনা মিডিয়াকে সম্বোধন করে বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন বলেছেন, পুরো দেশ বিরোধীদের আরও দায়িত্বশীল হওয়া প্রত্যাশা করে। এবার বিরোধীরা একটি ভালো বিরোধী হিসাবে প্রমাণিত হবে, তাই এবার তারা কী করে তা দেখা যাক। মাঝে মাঝে শুধু চিৎকার করবে নাকি অন্য কিছু করবে।’
এদিকে ভোটে জেতার পর থাপ্পড়কাণ্ডে আলোচনায় আসেন কঙ্গনাকে। কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি’ বলার কারণে তাকে এয়ারপোর্টের ভিতরেই সপাটে চড় মারে এক সিআইএসএফ জওয়ান মহিলা।
প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াতের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘ইমার্জেন্সি’ সিনেমাটি। যেখানে তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। ভারতের জরুরি অবস্থাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন কঙ্গনা। সাংসদ হিসেবে শপথ নিয়েই সিনেমা মুক্তির তারিখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা। কঙ্গনা অভিনীত ও পরিচালিত ‘ইমারজেন্সি’ সিনেমাটি আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, মান্ডি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন কঙ্গনা রানাওয়াত।

