স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) উপপরিচালক জেসমিন আক্তার মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, মজিবুর রহমান সিকদার মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা গোপন করেন। এছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন।
আসামি মজিবুর রহমান সিকদার তার সম্পদ বিবরণীতে ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পতের হিসাবে উল্লেখ করেছেন। হিসাব যাচাইকালে তার নামে ১ কোটি ২৪ লাখ টাকার স্থাবর সম্পদ বেশি পাওয়া যায়। এই হিসাব অনুযায়ী তিনি ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। তিনি অবৈধ উৎস থেকে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ২০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার এজাহারে তার বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ করা হয়েছে।

