পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে, দেশটিতে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দেখা যাবে ঈদের চাঁদ। তাই হিসাব অনুসারে দেশটিতে আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার (৮ এপ্রিল) কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেয়ার পর আকাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।
রুয়েত-ই-হেলালের সদর দপ্তর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। খালিদ ইজাজ বলেন, আকাশে মেঘ না থাকলে, তহালে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখা যাবে।
এদিকে রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামীকাল ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে ঈদুল ফিতর কবে হবে – সেই ঘোষণা আসবে।

