স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্ভযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ডান হাতের আঙুলে পাওয়া আঘাত তেমন গুরুতর নয়। তাই আগামী বৃহস্পতিবার তার মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মুশফিক আঘাত পাওয়ার পরপরই তার আঙুল স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে তার আঙুলে কোনো চির নেই।’
তিনি জানান, আঘাত গুরুতর না হওয়ায় বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে মুশফিকের খেলা নিয়ে কোনো সংশয় নেই।
আর আগে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই নিজেকে ভালোভাবেই তুলে ধরেছেন মুশফিকুর রহিম। ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা।
উল্লেখ্য, মেলবোর্নে নেটে ব্যাটিং অনুশীলনে পেসার তাসকিন আহমেদের একটি বল মুশফিকের ডান হাতের আঙুলে আঘাত করে। এরপর সঙ্গে সঙ্গেই তাকে নেয়া হয় একটি হাসপাতালে। সেখানেই তার আঙুলে স্ক্যান করা হয়।

