বিনোদন ডেস্ক : ৮৭তম অস্কারে সেরা ছবির খেতাব জিতেছে ‘বার্ডম্যান’। মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনিয়ারিতু এই ছবির জন্য সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ছবিটি অর্জন করেছে অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সিনেমাটোগ্রাফি পুরস্কারও।
রোববার রাতে হলিউডে বসেছিলো ৮৭তম অস্কারের জাঁকজমকপূর্ণ আসর। আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘বার্ডম্যান’ ছবিটি। এই ছবির গল্প গড়ে উঠেছে, একসময় সুপারহিরো চরিত্রে অভিনয় করতেন এমন এক অভিনেতাকে কেন্দ্র করে। যিনি শেষ জীবনে পরিবার, ক্যারিয়ার ও নিজের স্বর্ণ উজ্জ্বল অতীতকে ফিরে পেতে চান। নতুন মঞ্চনাটকের উদ্বোধনী প্রদর্শনীতেই নিজের সোনালি অতীতকে ফিরিয়ে এনে লোকটি দেখিয়ে দিতে চায় সে এখনও ফুরিয়ে যায়নি। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কিটন। তিনি একসময় সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। বাস্তবতা ও পর্দার এই অপূর্ব মেলবন্ধনই ছবিটি অস্কার ভোটারদের মন কেড়েছে বেশি।
‘বার্ডম্যান’ ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের দুটো পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতে। অন্যদিকে সমসংখ্যক পুরস্কার জিতেছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি। এই ছবিটি পেয়েছে প্রোডাকশন ডিজাইন, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, কস্টিউম ডিজাইন ও বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার।
২০১৫ সালের অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জেকে সিমন্স। ‘হুইপল্যাশ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে ‘বয়হুড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্যাট্রিসিয়া আরকুয়েটে।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পাওয়েল পাউলিকোউস্কি পরিচালিত ‘ইদা’ ছবিটি। সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে ‘ফিস্ট’ (প্যাট্রিক অসবোর্ন, ক্রিস্টিনা রিড)। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: বিগ হিরো-৬। সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ইনটারস্টেলার। অ্যাচিভমেন্ট ইন সাউন্ড এডিটিং: আমেরিকান স্নাইপার। অ্যাচিভমেন্ট ইন সাউন্ড মিক্সিং: হুইপল্যাশ। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ফোন কল। অ্যাচিভমেন্ট ইন ফিল্ম এডিটিং: হুইপল্যাশ (টমক্রস)। সেরা মৌলিক গান: গ্লোরি ফ্রম সেলমা-লনি লিন (কমন), জন স্টেফান (জন লিজেন্ড)। বেস্ট অরিজিনাল স্কোর: আলেজান্দ্রো ডেসপ্লাট-গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল। অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: গ্রাহাম মুর-দ্য ইমিটেশন গেম।

