ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁচন-মরণ ম্যাচে ইংল্যান্ডের জয়

Link Copied!

england2
স্পোর্টস ডেস্ক : সিংহ ফাঁদে পড়লে ইঁদুরও নাকি সুড়সুড়ি দিতে ভুলে না। এই প্রবাদ বাক্যকে আরেকবার সামনে নিয়ে আসে স্কটল্যান্ড। বিশ্বকাপ মহারণে প্রতিবেশীদের বিপক্ষে ময়দানি লড়াইয়ের আগে হুমকি-ধামকি ও ফাঁপা হুঙ্কার ছুঁড়তে ভোলেননি প্রেসটন মমসেন। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে মাঠে নামার আগে কোনঠাসা ইংলিশদের হারানোর ধনুকভাঙ্গা পণ করেই মাঠে নামেন দুঃসাহসী স্কটিশরা। যদিও ময়দানি লড়াইয়ে কোনো অঘটন ঘটেনি। তলানি থেকে জেগে ওঠে ইংলিশ ব্যাটসম্যানরা। মঈন আলির সেঞ্চুরি ও অধিনায়ক ইয়ন মরগানের ব্যাটিং টনিকে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। মহাযজ্ঞের প্রথম দুই ম্যাচে নাস্তানাবুদ হওয়ার পর।
দুই স্বাগতিকের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে এক প্রকার ‘ধ্বংস’ হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের লজ্জা পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে আরো বিবর্ণ ইংলিশরা। কিউইদের বিপক্ষে মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় তারা। এরপর লক্ষ্য তাড়ায় মাত্র ১২.২ ওভারে দুই উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। যা ক্রিকেটের গোড়াপত্তনকারীদের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় পরাজয়। ফলে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার শেষে চলে যায় ইয়ন মরগান বাহিনী। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ডের পরে গ্রুপের সপ্তম নাম্বারে পতিত হয় ইংলিশরা। সোমবার সেখান থেকেই ফেঁপে উঠে আত্মবিশ্বাস অর্জনের পথে দারুণ এক জয় তুলে নেয় ইংল্যান্ড। হারিয়ে দেয় স্কটল্যান্ডকে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ইয়ান বেল ও মঈন আলির রেকর্ড ১৭২ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত পায় ইংল্যান্ড। ৩০.১ ওভারে বেল প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন। ৮৫ বলে ৫৪ রান করার পর বেরিংটনের শিকার হন তিনি। ১০৭ বলে ১২৮ রান করার পর থামেন মঈন আলিও। ১২টি চার ও ৫টি ছক্কায় ইনিংস সাজান ব্রিংহ্যামের ২৭ বছর বয়সী প্রতিভা। কিন্তু ২০১ রানে আলির আউটের পর ক্রিজে দাঁড়াতে পারেননি টপ অর্ডারের বাকি দুই সদস্য গ্যারি ব্যালান্স ও জো রুটরা। মাত্র তিন রানের ব্যবধানে আউট হন তারা। শেষে হাল ধরেন ইয়ন মরগান। ৪২ বল মোকাবেলায় ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে আউট হন ইংল্যান্ড অধিনায়ক। যার ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে ইংলিশরা। স্কটল্যান্ডের জোস ডিভেই ১০ ওভার বল করে ৬৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
এরপর বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটল্যান্ড। তৃতীয় ওভারের পঞ্চম বলে কালাম ম্যাকলিয়ডের বিদায়ে পতনের শুরু হয়। ব্যক্তিগত ৪ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হন স্কটিশ ওপেনার। অবশ্য কাইল কোয়েটজার একান্ত প্রচেষ্টা চালিয়েছেন। ৮৪ বলে ৭১ রান করেন স্কটিশ ব্যাটিংয়ের মেরুদন্ড। ২৬ রান করেন অধিনায়ক প্রেসটন মমসেন। ২৩ রান এসেছে ম্যাথু ক্রসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত স্কটিশরা ৪২.২ ওভারে ১৮৪ রানে অলআউট হয়। হারে ১১৯ রানের ব্যবধানে। আগের ম্যাচে জঘন্য বোলিং করে ভিন্ন রকম কীর্তি গড়া স্টুয়ার্ট ফিন এদিন কৃপণ বোলিং করে নজর কেড়েছেন। ৩ উইকেট গেছে তার থলেতে। দুটি করে উইকেট গেছে মঈন আলি, ক্রিস ওকস ও জেমস অ্যান্ডারসনের দখলে।