জাবি প্রতিনিধি : চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পোষ্য কোটায় ভর্তির জন্য নির্ধারিত সর্বনিম্ন নম্বরও যারা পাননি তাদের ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুর্ত্তীণ ৯৬ জন পোষ্যকে গ্রেস নম্বর দিয়ে ভর্তি করানোর দাবিতে গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ দিয়ে আসছিল কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
সোমবার সকালে এক বৈঠকে অনুত্তীর্ণ পোষ্যদের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক এবং ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং ডেপুটি রেজিস্টার (শিক্ষা-১) মোহাম্মদ আলী অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করানোর বিষয়ে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরে একদিকে যখন অনুর্ত্তীণ ৯৬ জন পোষ্যকে গ্রেস নম্বর দিয়ে ভর্তি করানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ দিয়ে আসছিল কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ তখন তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার সকালেও বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে পোষ্যদের গ্রেস নম্বর দিয়ে ভর্তি না করার জন্য মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থী ঐক্যমঞ্চ।
বিপরীত চাপের মধ্যে সোমবার অনুষ্ঠিত বৈঠকে গ্রেস নম্বর দিয়ে পোষ্যদের ভর্তি না করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এই সিদ্ধান্তকে যথাযথ ও সঠিক বলে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আক্তার হোসাইন বলেন, ‘প্রশসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’
এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বলেন, ‘অধিকাংশ বিভাগীয় সভাপতির মতের ভিত্তিতেই অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

