মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, মুসলমানদের পবিত্র রমজান মাস নাগাদ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা কঠিন হবে।
দীর্ঘ পাঁচ মাস ধরে চলা এ সংঘাত বন্ধে কোন চুক্তি রমজান নাগাদ নিশ্চিত করা যাবে কিনা জানতে চাইলে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এটি কঠিন মনে হচ্ছে।’ চাঁদ দেখা সাপেক্ষে রোববার এ মাস শুরু হওয়ার কথা রয়েছে।
বাইডেন আরো বলেন, রমজান মাস ঘনিয়ে আসার সাথে সাথে ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেমে সহিংসতার সম্ভাবনা নিয়ে ‘আমি অনেক চিন্তিত’।
হামাসের সশস্ত্র শাখা শুক্রবার তাদের সমর্থকদের পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। আগের বছরগুলোতে রমজানের সময় এ মসজিদ প্রাঙ্গন সহিংসতার একটি কেন্দ্রবিন্দু ছিল।
তারা আরো বলেছে, হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করে নেয়ার যে দাবি জানানো হয়েছে সে বিষয়ে এ সংগঠন কোনো আপস করবে না।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে ইসরাইল-হামাস যুদ্ধে সূত্রপাত হয়।
সূত্র : এএফপি

