রাজনীতির মঞ্চে পা রাখছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। যদিও প্রিয়াঙ্কাকে কখনো নির্বাচনের রাজনীতিতে দেখা যায়নি। তবে এবার কংগ্রেস ঘোষণা দিয়েছে, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে লড়বেন।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলিতে প্রিয়াঙ্কা দলের টিকিট পেলেও আমেথি ও কর্ণাটকের ওয়ানাড় থেকে যথারীতি ভোটে লড়বেন রাহুল গান্ধী।
রায়বেরেলি আসন থেকে তিনবার নির্বাচিত হয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রিয়াঙ্কার মা সোনিয়া গান্ধীও এ আসন থেকে নির্বাচিত এমপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ফের তাঁকে প্রার্থী করার দাবি উঠল কংগ্রেস থেকে। উত্তর প্রদেশের বরেলিতে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার দাবিতে পোস্টারও দেখা গেছে।
এতে লেখা ছিল– ‘কংগ্রেসের উন্নয়ন এগিয়ে নিয়ে যান। প্রিয়াঙ্কা গান্ধী, রায়বেরেলি আপনাকে ডাকছে, আসুন।’ ইন্ডিয়া জোটের শরিক হিসেবে, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়ছে কংগ্রেস।
প্রিয়াঙ্কা গান্ধী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তা ছিল।
২০১৯ সালে বলা হচ্ছিল, তিনি নির্বাচন করবেন। তখন বারানসি থেকে তিনি লড়বেন। ওই আসনটিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি ভোট করেছেন। রায়বেরেলি থেকে এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি পাঁচবার ওই আসনে জয় পান।
সর্বশেষ লোকসভা নির্বাচনে এটিই ছিল উত্তর প্রদেশের একমাত্র আসন, যেখান থেকে জয় পেয়েছিল কংগ্রেস।
সূত্রের বরাত দিয়ে মিন্ট অনলাইন জানায়, ভোটের প্রার্থিতায় নাম ঘোষণার পরপরই রায়বেরেলিতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। নির্বাচনী ইশতেহারে এবার ভারতের ক্রমবর্ধমান বেকারত্বকে প্রাধান্য দিয়েছে কংগ্রেস। সূত্র : এবিপি

