ওয়েলিংটন টেস্টের একাদশ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে সফরকারী অস্ট্রেলিয়া। এমনটাই নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
আগামীকাল থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ১৭২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সামনে।
নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি জানিয়েছেন, ‘প্রথম টেস্টের একাদশ থেকে কমপক্ষে একটি পরিবর্তন নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া পেসার উইল ও রুর্কের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন বেন সিয়ার্স। নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন তিনি। ৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৮ উইকেট শিকার করেছেন এই পেসার।’
তিনি আরো জানান, ‘আরো একটি পরিবর্তন আসতে পারে নিউজিল্যান্ড একাদশে। পেসার স্কট কুগেলিজনের জায়গায় সুযোগ পেতে পারেন স্পিনার মিচেল স্যান্টনার। এটি টস করার সময় নিশ্চিত করবেন।’
এই টেস্ট দিয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও টিম সাউদি। নিউজিল্যান্ডের পঞ্চম ও ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একত্রে ১০০ টেস্ট খেলতে নামবেন দু’জনে। কিউইদের হয়ে এখন পর্যন্ত ১০০ টেস্ট খেলেছেন স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককালাম এবং রস টেইলর।
২০১০ সালে উইলিয়ামসন এবং ২০০৮ সালে সাউদির টেস্ট অভিষেক হয়। টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক সাউদি।
অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, স্কট কুগেলিজেন, টম লাথাম, ড্যারিল মিচেল, বেন সিয়ার্স, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
সূত্র : বাসস

