ভারত বনাম ইংল্যান্ড সিরিজে এই রেকর্ড হয়েছে। অতীতে ভারতের হয়ে একবারই ঘটেছিল এই ঘটনা। এক সিরিজে পাঁচজন ক্রিকেটারের অভিষেক হয়েছিল।
দলের প্রধান ক্রিকেটাররা না খেলা, চোটে সিরিজের মাঝপথে ক্রিকেটারেরা বাদ পড়া, এই সব কারণেই সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটাররা।
পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টেও খেলেননি বিরাট কোহলি। লোকেশ রাহুল প্রথম টেস্টের পরে চোট পেয়েছেন। বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার। মোহাম্মদ শামিও চোটের কারণে খেলেননি। এত ক্রিকেটার না থাকার কারণেই বেশি অভিষেক হয়েছে।
ভারত-ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে অভিষেক হওয়া ক্রিকেটারেরা হলেন— রজত পটীদার, সরফরাজ় খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ ও দেবদত্ত পড়িক্কল।
তাদের মধ্যে সবার আগে সুযোগ পেয়েছিলেন পটীদার। দ্বিতীয় টেস্টেই দলে নেয়া হয়েছিল তাকে। তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল সরফরাজ ও জুরেলের। চতুর্থ টেস্টে দলে আসেন আকাশ দীপ। পঞ্চম টেস্টে সুযোগ পান পড়িক্কল।
এর আগে ২০২০-২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে এই ঘটনা ঘটেছিল। এক সিরিজে পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছিল।
সে সিরিজ়েও মাঝপথে ফিরেছিলেন বিরাট। শামি, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারি চোট পেয়েছিলেন।
ফলে সেই সিরিজে মোহাম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ও নবদীপ সাইনির অভিষেক হয়েছিল।
তাদের মধ্যে সিরাজ ও শুভমান এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য। সুন্দর নিয়মিত সুযোগ পান না। নটরাজন ও সাইনি সেই সিরিজের পর আর ভারতের টেস্ট দলে সুযোগ পাননি। সূত্র : আনন্দবাজার

