বিনোদন ডেস্ক : ইউটিউবে প্রকাশিত হয়েছে চিরকুটের নতুন গান। গানটির শিরোনাম ‘ভালোবাসলে কেন ক্ষিদে পায় না’। একটি টেলিকম কোম্পানির প্রযোজনায় নতুন এই গানটির ভিডিও নির্মান করেছেন বর্ণ।
ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে চিরকুট লিখেছে, ‘এক সমীক্ষায় আমরা দেখেছি যে প্রেমে পড়লে মানুষের অনেক রকম উপসর্গ দেখা দেয়। cযার অন্যতম- তীব্র মাত্রায় ক্ষুধামন্দা বা ক্ষিদে না পাওয়া। বিশেষ করে অল্প বয়স, নতুন প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এই উপসর্গ বেশি দেখা যায়। এমন একটি অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীনদের জন্য একটা নতুন গান জরুরি বলে মনে করেছি আমরা। ভালবাসলে আপনাদের ক্ষিদে পায় কি না; জানাতে ভুলবেন না প্লিজ…আশা করছি গানটা আপনাদের ভলো লাগবে।’
২০০২ সালে জন্ম নেয় ব্যান্ডদল চিরকুট। ২০১০ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। গানগুলো জনপ্রিয়তার পাশাপাশি প্রসংশিত হয়। ভারতীয় মিউজিক চ্যানেল এমটিভি থেকে প্রচারিত হয় তাদের গান।
চিরকুট প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। গায়কি এবং কথার জন্য এই অ্যালবামটিও সাফল্য লাভ করে।

