বিনোদন ডেস্ক : ১৫ ফেব্রুয়ারি থেকে রাজবাড়িতে শুরু হয়েছে হিমেল আশরাফের প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’র শুটিং। এপ্রিলে ছবিটির শুটিং শেষ হবে, তারপর ডাবিং ও এডিটিং এর কাজ শেষ করে আগামী ঈদুল ফিতরের পর ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে ষষ্ঠবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন বাপ্পি-আঁচল। এই মুহুর্তে ছবির শুটিং এর জন্যে দুজনই এখন রাজবাড়িতে অবস্থান করছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির প্রথম লটের শুটিং শেষ হবে। রাজবাড়ির পর ধারাবাহিক ভাবে ঝিনাইদহ, কুষ্টিয়া, সিলেটসহ বাংলাদেশের বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রধারণ করা হবে। ছবিটি প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমার ছবির গল্পটি মূলত রোমান্টিক। এই মুহুর্তে প্রথম লটের শুটিং করছি। দ্রুত ছবির কাজ শেষ করে, দর্শকদের সামনে হাজির হব।’ তিনি আরো বলেন, ‘সুলতানা বিবিয়ানা’র পর আগামী জুন নাগাত আমার দ্বিতীয় ছবির কাজ শুরু হবে। এই মুহুর্তে চিত্রনাট্যের কাজ চলছে।’

