দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস কুমার পাল বলেন, আরিফুর রহমান দোলন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার এ মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন দোলন আত্মসমর্পণ করলে তার আইনজীবী শেখ বাহারুল ইসলাম জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেইসঙ্গে আগামী ২২ এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণ করে মামলা বিচারের জন্য আমলে নেওয়ার দিন ধার্য করেন।
জানা যায়, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে ২০২২ সালের ২২ জুন এ চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালদে পাঠানোর আদেশ দেন।

