ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিপুণের সভাপতির খোঁজে শাকিব-অনন্ত জলিলের দ্বারস্থ, নেপথ্যে কারা?

Link Copied!

নানা বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়েই দুই বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান নির্বাহী পরিষদ। সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে বেশ লড়াই হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটে চিত্রনায়ক জায়েদ খান জয়ী হলেও আপিল কমিটির কাছে কারচুপির অভিযোগ করেন একই পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। আপিল বিভাগ তার অভিযোগের ভিত্তিতে জায়েদ খানকে বাদ দিয়ে নিপুণকে জয়ী ঘোষণা করে।
পরে জায়েদ আদালতের দ্বারস্থ হয়। আদালত জায়েদের পক্ষে রায় দিলে সেটা নিপুণের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত স্থগিত করে। ফলে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে নিপুণ। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন।
এর মধ্যে কেটে গেছে দুই বছর। বর্তমান কমিটির মেয়াদও প্রায় শেষের পথে। কিছুদিন আগে ঘোষিত হয়েছে আগামী নির্বাচনের তারিখ। ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এবার জায়েদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। সরে গেছেন বর্তমান কমিটির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও।
এদিকে, মিশা সওদাগর ও ডিপজল প্যানেল করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, নিপুণ পড়েছেন বিপাকে। তিনি এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তবে প্যানেল দেয়ার জন্য সভাপতি পদে কাউকে খুঁজে পাচ্ছেন না। মূলত ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় নিপুণ বিপাকে পড়েছেন। এরই মধ্যে সভাপতি পদের জন্য চিত্রনায়ক শাকিব খানকে প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু শাকিব রাজি হননি।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শাকিবকে শুরুতে প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক ও আগামী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শাকিব তখন ‘রাজকুমার’ নামে একটি সিনেমার শুটিংয়ে আমেরিকা অবস্থান করছিলেন। খসরুর ফোনে এ প্রস্তাব পেয়ে তিনি বেশ বিরক্ত হন। তাকে ‘না’ করে দেন। এর পরও শাকিবেরই ঘনিষ্ঠ অন্য এক প্রযোজককে দিয়েও নিপুণ চেষ্টা করেছিলেন। কিন্ত তাতে ফল মেলেনি।
সূত্র আরও জানিয়েছে, শাকিবের কাছ থেকে সাড়া না পেয়ে নিপুণ দ্বারস্থ হন নায়ক প্রযোজক অনন্ত জলিলের। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেন তাকে। তার কাছে দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়েছেন নিপুণ।
অনন্তকে সভাপতি পদে রাজি করাতে নিপুণের সঙ্গে কাজ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমসহ বেশ কয়েকজন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনন্ত জলিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তারা। সোমবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিজেই এসব কথা স্বীকার করেন অনন্ত জলিল।
অনন্ত জলিল বলেন, ‘আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম, প্রযোজক ইকবাল, মোহাম্মদ হোসেন, নিপুণসহ হোটেল ওয়েস্টিনে বসেছিলাম।’
তার আগে সবাই মিলে সভাপতি পদে নির্বাচনের জন্য অনন্তের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তারা জরুরি কথা আছে বলে অনন্তের বাসায় যেতে চান। কিন্তু অনন্তের কাজ থাকায় তাদের হোটেল ওয়েস্টিনে বসতে বলেন। সেখানে নিপুণ, খসরু, শামসুল আলম উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। কিন্তু ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার এ নায়ক নিপুণকে ‘না’ করে দেন।
নিপুণের প্যানেল থেকে নির্বাচনে অংশ না নেয়ার কারণ ব্যাখ্যা করে অনন্ত জলিল বলেন, ‘নির্বাচন করলেও হয়ত ভালো হতো। কিন্তু আমার সমস্যা হলো। চলচ্চিত্রকে ভালোবাসি সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, সবার বিপদে আমি পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার হাতে নেই।’
শাকিব ও অনন্তের কাছ থেকে সাড়া না পেয়ে সভাপতি পদে কাকে নিয়ে প্যানেল গড়বেন নিপুণ সেটা এখনও নির্ধারণ করতে পারেননি। এদিকে, মিশা ও ডিপজল তাদের প্যানেল প্রায় গুছিয়ে এনেছেন বলে জানা গেছে। শিগগিরই তারা এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে সূত্র জানিয়েছে।