রাজনৈতিক বৈরী সম্পর্কের জের ধরে অনেক বছর ধরেই বন্ধ পাকিস্তান-ভারতের মধ্যেকার দ্বি-পাক্ষিক সিরিজ। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষায় থাকতে হয় আইসিসির কোন ইভেন্টের জন্য। এবার তাদের এ সুযোগ করে দিচ্ছে সংস্থাটি। আগামী জুনে এ দুই দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে। সেই চাহিদার সুযোগ নিয়েই অনেকে নিজের সুবিধা করে নেন৷ এই যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট এখন কালোবাজারে বিক্রি হচ্ছে চড়া দামে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯ জুন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের টিকেট আইসিসি নিজেদের ওয়েবসাইটে ছাড়াই সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। যারা সেই সোনার হরিণ হাতে পেয়েছেন, তাদের মধ্যেই কেউ কেউ নেমে পড়েছেন সেটি কালোবাজারে আবার বিক্রি করতে।
তারা যে দাম তারা হাকাচ্ছেন, সেটি চোখ কপালে ওঠার মতোই। এখন পর্যন্ত সর্বোচ্চ দুই লাখ ২৫ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকারও বেশি উঠেছে একটি টিকেটের দাম! সর্বনিম্ন এক হাজার তিনশ ডলারের নিচে নেই কোনো টিকেট।
তবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে ভারত-পাকিস্তানের টিকিটের প্রাথমিক মূল্য ৪০০ ডলার। তবে টিকিট বিনিময় এবং পুনবিক্রয় কোম্পানির ওয়েবসাইটে টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার ডলার। কয়েকটি ওয়েবসাইটে একেবারেই ন্যূনতম টিকিটের মূল্য দাঁড়িয়েছে ১২৫৯ ডলার।
ভারত-পাকিস্তানের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। যেখানে ৯০ হাজার ২৯৩ জন সেই ম্যাচ মাঠ থেকে বসে দেখেছিলেন। তবে এবার নিউইয়র্কে কেবল মাত্র ৩৪ হাজার দর্শক সুযোগ পাবেন ভারত-পাকিস্তান ম্যাচ দেখার।

