স্পোর্টস ডেস্ক : পরপর দুই ম্যাচ হেরে দিশাহারা হয়ে পড়েছে ইংল্যান্ড। চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড হেরেছে জঘণ্যভাবে। এখন তাদের জন্য কোয়ার্টার ফাইনালে ওঠাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার পুঁচকে স্কটল্যান্ডের সঙ্গে পা হড়কালেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ইংল্যান্ডকে। সোমবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় স্কটিশদের মুখোমুখি হবে ইংল্যান্ড।preview
ম্যাচটি নিয়ে ক্রিকেট বিশ্বের খুব বেশি আগ্রহ থাকার কথা নয়। কিন্তু এই বিশ্বকাপে যা ঘটছে তাতে ছোট দলগুলো আর ছোট থাকছে না ক্রমেই বড় হয়ে উঠছে। স্কটল্যান্ড প্রথম ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের সঙ্গে ৩ উইকেটে হারলেও তাদের কাঁপিয়ে দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১৪ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড হেরেছে মাত্র ৩ রানে। স্কটিশদের এই পারফরম্যান্সই বলে দিচ্ছে তারা বিশ্বকাপে এসেছে কিছু একটা করতেই।
আর এই কিছু একটা করতে পেছন থেকে সঞ্জীবনী শক্তি যোগাচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউড। স্কটল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কলিংউড নিজ দেশকে সতর্কই করে দিয়েছেন। তার ভাষায়, ‘ জয়ের ব্যাপারে তাদের সত্যিকারের আত্মবিশ্বাস এবং বিশ্বাস জন্মেছে। ছেলেরা আস্তে আস্তে আন্তর্জাতিক দলগুলোর খুব কাছাকাছি চলে যাচ্ছে।’ টানা দুই ম্যাচ হেরে জেরবার ইংল্যান্ডও ঘুরে দাঁড়াতে চায়। আর সেটা স্কটল্যান্ডকে হারিয়েই। ইংলিশ কোচ পিটার মুরস বিবিসিকে বলেছেন, ‘ এটা কথা বলার সময় নয়। এটা কিছু একটা করার সময়। আপনাকে হতাশা ভুলে সঠিক পথে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। সোমবার আমরা ঘুরে দাঁড়াতে চাই।’ আর সেটা না হলে গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায় প্রায় নিশ্চিত!

