মিশরে কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে ১৫ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, নৌকাটিতে থাকা ১৫ জনই ছিলেন ঠিকা শ্রমিক। দৈনিক অর্থের চুক্তিতে বিভিন্ন জায়গায় কাজ করতেন। তারা স্থানীয় একটি নির্মাণ সংস্থায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রবিবার নৌকাটি ডুবে যায়। তাতে ১০ জন মারা গেছেন। উদ্ধারকারী দল পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল টানা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালায়। এ সময় নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা উদ্ধারের লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাতে থাকেন।
মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া শ্রমিকদের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা ৫,৯৫৭ ইউরো দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাত লাখ নয় হাজার। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত মানুষ থাকায় ডুবে যায়। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
মিশরে অবশ্য প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এখানে সুরক্ষা সংক্রান্ত বিধি সঠিকভাবে মানা হয় না।

