আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মিশিগান রাজ্যে নিকি হ্যালিকে হারিয়ে বড় জয় পেয়েছেন রিপাবরিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে লড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন এ দুই নেতা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়। এতে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে তাতে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে বাইডেন পেয়েছেন ৮০ দশমিক ৪ শতাংশ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৬৭ দশমিক ২ শতাংশ ভোট।
মিশিগান প্রাইমারিতে বাইডেনকে জয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে। মূলত, গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে আচরণ করছে, তাতে অসন্তুষ্ট অঙ্গরাজ্যটির ভোটাররা। আর তারই প্রতিক্রিয়া দেখা গেছে ভোটে। বিপুলসংখ্যক ভোটার তাদের অবস্থানকে ‘অনিশ্চিত বা আনকমিটেড’ বলে কাস্ট করেছেন। এমনকি ব্যালট পেপারের উপরে বাইডেনকে গাজা-ইসরাইল যুদ্ধে উস্কানি না দেয়ার বিষয়টিও ছাপানো হয়েছে।
এদিকে, রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই লড়াইয়ে সাউথ ক্যারোলিনায় নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিকি হ্যালি পেয়েছেন মাত্র ২৭ শতাংশ ভোট, যেখানে ৬৭.৭ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। মিশিগানে হারলেও নিক্কি হ্যালি ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। এরআগে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদায় এবং ক্যারোলিনায় জয়ী হয়েছেন তিনি।

