বিনোদন ডেস্ক : বাংলা ছবিতেই ব্যস্ত সময় পার করছেন মেধাবী অভিনেত্রী রাইমা সেন। তবে বছরে একটি হলেও হিন্দি ছবিতে দেখা যায় সুচিত্রা সেনের এই নাতনীকে। রাণা ভাটিয়ার প্রথম ছবিতে অভিনয়ের মাধ্যমে বছরের শুরুতেই বলিউডে ব্যস্ত হয়ে পড়ছেন বঙ্গকন্যা।
‘কাশমাকাশ’, ‘থ্রি ব্যাচেলরস্’, ‘আই মি অর ম্যায়’, ‘চিলড্রেন অব ওয়ার’- গত চার বছরে তার হিন্দি ছবি। ২০১৫ সালে মুক্তি পাবে ‘ইশক কভি কারিও না’। অতীত রেকর্ড ভেঙে সাহসী চরিত্রে দেখা যাবে রাইমাকে।
বর্তমানে তিনি সহশিল্পী প্রতীক বাব্বরের সঙ্গে গোয়াতে শ্যুটিংয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে এই রোম্যান্টিক থ্রিলারে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে। পরকীয়া প্রেম এবং অন্তর্দন্দ উপজীব্য করে নির্মিতব্য এ ছবিতে একবারে হাল ফ্যাশনের পোশাকে পর্দায় আসবেন ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী।
সংবাদ মাধ্যমে রাইমা জানিয়েছেন, এই ছবিতে তিনি একজন বিশাল অর্থবান ব্যক্তির স্ত্রী। রাইমার চরিত্রের নাম প্রিয়া আর তার স্বামী শেখর। গোয়াতে তাদের সুখের সংসার। আদর্শ স্ত্রীর মতোই স্বামীকে প্রচন্ড ভালোবাসেন প্রিয়া। হঠাৎ ঘটনাচক্রে তার জীবনে আগমন ঘটে রাজ নামের অন্য এক পুরুষের।
শেখরের চরিত্রে অভিনয় করছেন রাহুল নামের একজন নবাগত অভিনেতা। আর রাজ চরিত্রে দেখা যাবে প্রতীক বাব্বরকে।

