ঢাকাMonday , 19 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিমবাসে মদ্যপান : কোচের পর অভিযোগ প্রধান নির্বাচকের দিকে

Link Copied!

ক্রিকেটারদের  বহনকারী টিমবাসে মদ্যপানের ঘটনায় ভারতের ক্রিকেটে এখন তোলপাড় চলছে। ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বরখাস্ত করা হয়েছে হায়দরাবাদের নারী ক্রিকেট দলের কোচ বিদ্যুৎ জয়সীমাকে। এবার নারী দলের প্রধান নির্বাচক পূর্ণিমা রাউয়ের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা।
হায়দরাবাদের নারী ক্রিকেটার এবং তাদের পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্ণিমাও ক্রিকেটারদের মদ্যপানে প্ররোচিত করতেন। সব জেনেও কোচের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বরং পূর্ণিমা নাকি জয়সীমার সব অপকর্মকে সমর্থন করতেন। এ কারণেই পূর্ণিমার বিরুদ্ধেও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নারী ক্রিকেটারেরা।
এদিকে ৫৭ বছর বয়সী পূর্ণিমার দাবি, তার ভাবমূর্তি নষ্ট করতে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, “চলতি বছরে আমি নির্বাচকদের চেয়ারম্যান হয়েছি। অল্প সময়ের মধ্যে কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কিছু সমস্যা সমাধানের জন্য। সেগুলো হয়তো অনেকের পছন্দ হয়নি। সে জন্যই এই অভিযোগ করা হচ্ছে। সৃষ্টিকর্তা জানেন আমি কোনো ভুল করিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। শুধু সঠিক খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করেছি। আমার ভাবমূর্তির ক্ষতি করার জন্যই এই অভিযোগ করা হচ্ছে।”
ভারতের জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার পূর্ণিমা এর আগেও নারী দলের নির্বাচক কমিটির প্রধান হিসাবে কাজ করেছিলেন। সেবার দলের খারাপ পারফরম্যান্সের কারণে তার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। পূর্ণিমা আরও বলেছেন, “হ্যাঁ, আমি নিয়মিত সফর করি। তবে কখনও দলের বাসে যাতায়াত করিনি। ট্যাক্সিতে যাতায়াত করতাম। তাই এই ঘটনার সঙ্গে আমাকে যুক্ত করার কোনো মানে হয় না। তবে আমি মনে করি, এমন অভিযোগের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত।”