লক্ষ্মীপুর (দক্ষিণ) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯৩ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার ৬৩ বছর পূর্ণ হলেও ওইসব প্রতিষ্ঠানগুলোতে আজও শহীদ মিনার নির্মিত হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাঁশ-কাঠ, আবার কোথাও কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদদের শ্রদ্ধা জানান।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় কলেজ, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মিলে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০৬টি। এর মধ্যে একটি কলেজ, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ৭০টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি দাখিল-আলিম-ফাজিল মাদ্রাসা ও তিনটি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো মধ্যে একটি কলেজ ও সাতটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া অপর ৯৮টি প্রতিষ্ঠানে আজও শহীদ মিনার নির্মিত হয়নি।
শহীদ মিনার না থাকায় প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এলেই ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বাঁশ-কাঠ, আবার কোথাও কলাগাছ ও মাটি দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন। যে কারণে মহান ভাষা আন্দোলনের চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের যথাযথ ধারণা নেয়া ব্যাহত হচ্ছে।
শহীদ-মিনার
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান জানান, উপজেলার সরকারি- বেসরকারি ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের কোনোটিতে শহীদ মিনার না থাকায় বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার ৬৩ বছর পূর্ণ হলেও উপজেলার সবকটি মাদ্রাসা শহীদ মিনারবিহীন থাকা খুবই দুঃখজনক। তাই প্রতিষ্ঠানগুলোতে অতিদ্রুত শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, শহীদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের চেষ্টা চলছে।

