প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের ৫ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে হওয়া সব মামলায় জামিন পেলেন তারা। আর কোনো বাধা না থাকায় আজ বৃহস্পতিবার তারা কারাগার থেকে ছাড়া পেতে পারেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
দুই নেতার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কালবেলাকে বলেন, মির্জা ফখরুল ও আমীর খসরু সব মামলায় জামিন পেয়েছেন। তাদের কারামুক্তিতে বাধা নেই। তাদের জামিননামা দাখিল করেছি। আশা করি, আগামীকাল (আজ) তারা কারামুক্ত হতে পারবেন।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আটটি ও রমনা মডেল থানায় তিনটি মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে। প্রায় তিন মাস পর তিনি ১০ মামলায় জামিন পান। তবে তার মুক্তি আটকে ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলায় রমনা মডেল থানায় দায়ের মামলায়। গতকাল সেটিতেও জামিন পেলেন তিনি।
আমীর খসরুও ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় কারাগারে আটকে ছিলেন। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গত ৩ নভেম্বর আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৭ জানুয়ারি আসামিপক্ষের আবেদনের পর রমনা ও পল্টন থানার আট মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত।

