ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের একুশে পদক পাচ্ছেন ২১ জন। এরমধ্যে ছয়জন মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ‘একুশে পদক ২০২৪’। রাষ্ট্রের সর্বোচ্চ্য এই পুরস্কার পেয়েছেন গুণী অভিনেতা আলমগীর। শিল্পকলা (অভিনয়) শাখায় এই পুরস্কার পেয়েছেন তিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবার ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মো. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
শিল্পকলার বিভিন্ন শ্রেণির মধ্যে সংগীতে একুশে পদক পাচ্ছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
নৃত্যকলায় সম্মাননা পাচ্ছেন শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরীকে একুশে পদক দেওয়া হচ্ছে। সমাজসেবায় এ সম্মাননা পাচ্ছেন আলহাজ রফিক আহামদ ও মো. জিয়াউল হক।
এছাড়া, ভাষা ও সাহিত্যে পদক পাচ্ছেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর।
একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

