সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ফলাফল রোববার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে জানান, রোববার (১১ ফেব্রুয়ারি) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্র জানিয়েছে, রোববার ফল প্রকাশের লক্ষ্য সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে চলেছে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আগামীকাল দুপুরের পর ফল প্রকাশিত হতে পারে।
গত শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। সারাদেশের ১৯ কেন্দ্রের মোট ৪৪টি ভেন্যুতে এক লাখ চার হাজার ৩৭৪ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন।

