দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন প্রয়াত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি ময়মনসিংহ বিভাগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
জানা গেছে, বিকাল ৩টা পর্যন্ত মোট ৬৪৫টি ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

