রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টায় সংঘর্ষটির সূত্রপাত হয়। এরপর বেলা সাড়ে বারোটা থেকে কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয় দুই কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি লেগুনা ও বাসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটনা নিয়ে বসেছি। আমাদের যে শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছিল, সে এখন আমার অফিসে আছে। পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।’
নিউমার্কেট থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

