বিনোদন ডেস্ক : ভিন্ন গল্প ও জনপ্রিয় তারকাদের নিয়ে বাংলাভিশনে শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক নাটক। নাটকগুলো হলো ‘চলিতেছে সার্কাস’ ও ‘রাস্কেল’। সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিজীবনের সব প্রবণতা নিয়ে স্যাটায়ারধর্মী নানান মজার ঘটনা নিয়ে ধারাবাহিক নাটক ‘চলিতেছে সার্কাস’ এবং শহরের মধ্যবিত্ত পরিবারের নানান ঘটনা নিয়ে নির্মিত ফ্যামিলি ড্রামা ‘রাস্কেল’।
মাসুদ সেজান-এর রচনা ও পরিচালনায় ‘চলিতেছে সার্কাস’ ২২ ফেব্রুয়ারি থেকে বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, রিফাত চৌধুরী, সফিক খান দিলু, সমাপ্তি মাসুক, আল আমিন সবুজ, স্নিগ্ধা মুমিন প্রমুখ।
পান্থ শাহরিয়ারের রচনা ও সাগর জাহানের পরিচালনায় ‘রাস্কেল’ ২৬ ফেব্রুয়ারি থেকে বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমেদ, ফজলুর রহমান বাবু, প্রভা, আখম হাসান, রুনা খান, জুঁই করিম, ম আ সালাম, শাহনেওয়াজ রিপন, মাহির, মাসুদ হারুণ, শেখ হাবিব, শাহেদ আলী সুজন প্রমুখ।

