ঢাকাSunday , 29 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেতা রফিক ভূঁইয়া আর নেই

Link Copied!

অবিভক্ত বিএফইউজে ও সিইউজের তুখোড় নেতা রফিক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়ে রিকশা উল্টে ছিটকে পড়েন রফিক ভূঁইয়া। পরে বারডেম হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতের কারণে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক নেতা রফিক ভূঁইয়া।
রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেছেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালে সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন।
চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। সর্বশেষ ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী ও সিনিয়র সদস্য ছিলেন।
রফিক ভূঁইয়ার জামাতা জানান, তার লাশ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে।
১৯৫১ সালে ফেনীর জেলার দাগনভূঁইয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম রফিক ভূঁইয়ার। দুটি সংসারে ছেলে মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিক নেতা রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।