ঢাকাSaturday , 21 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যারা ব্যবস্থা নেবে

Link Copied!

আপাতত রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচলরত মেট্রোরেলে ও মেট্রোরেলকে কেন্দ্র করে আশেপাশে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এমআরটি পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা কার্যকর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২১ অক্টোবর) এমআরটি পুলিশের নিরাপত্তা এবং মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে রাজধানীর উত্তরা উত্তর স্টেশনে তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, রেলওয়ে পুলিশ এবং এমআরটি পুলিশের মধ্যে কিছুটা তফাত রয়েছে। রেলওয়ে পুলিশের নিজস্ব থানা রয়েছে, তারা বিভিন্ন ঘটনা তদন্ত করে থাকে। এমআরটি পুলিশ আপাতত রেললাইন এবং মেট্রোরেল স্টেশনের নিরাপত্তায় কাজ করবে। ডিএমপি কমিশনার বলেন, আইজিপি স্যারের নির্দেশে অতিরিক্ত জনবলসহ মোট ৫৩৭ জনকে পদায়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এমআরটি পুলিশকে বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবিরের নেতৃত্বে এ ইউনিটের সদস্যরা বিশেষায়িত প্রশিক্ষণ নিয়ে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে। এমআরটি পুলিশ বলছে, পুলিশিংয়ের মাধ্যমে যাত্রী এবং মেট্রোরেলের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। মেট্রোরেলের মতো নতুন একটি কনসেপ্টের নিরাপত্তায় উন্নত বিশ্বের পুলিশ কীভাবে দায়িত্ব পালন করছে সে বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বৈদেশিক প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হচ্ছে। নিরাপত্তা, গতি, উন্নয়ন- এই মোটোকে সামনে রেখে এমআরটি পুলিশ সম্পূর্ণ আধুনিক অস্ত্র, গ্যাজেট অ্যান্ড গিয়ারে সজ্জিত হয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং করার মাধ্যমে একটি যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
এমআরটি পুলিশ আরও জানায়, স্টেশনে ট্রায়াল বেসিসে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। এখন পর্যন্ত আগারগাঁও, শেওরাপাড়া, কাজীপাড়াসহ মোট ছয়টি স্টেশনের প্রতিটিতে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে প্রতি পালায় ১১ জনের একটি টিম মোট তিন পালায় মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ধারাবাহিকভাবে মেট্রোরেলের সকল স্টেশনে এমআরটি পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষামূলক দায়িত্ব পালন থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা পরিকল্পনা সংশোধন, সংযোজন, বিয়োজন করা হবে। উত্তরা উত্তর থকে মতিঝিল পর্যন্ত চালু হলে এমআরটি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ডিএমপির নিকট থেকে বুঝে নেবে। তবে ডিএমপির ক্রাইম ইউনিট, ট্রাফিক ইউনিট, সিটিটিসিসহ অন্যান্য ইন্টেলিজেন্স ইউনিট, এসবি, এটিইউসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবে।