
বিনোদন ডেস্ক : সম্প্রতি চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়ে খবরের শিরোনামে আসেন নায়িকা মাহিয়া মাহি। লেখাপড়ার জন্যই তার এই বিদায়, এমন কথা প্রকাশ করেন তিনি নিজেই।
সত্যিই কি ক্যারিয়ারের শীর্ষ সময়ে চলচ্চিত্রকে বিদায় বলছেন মাহি? নাকি শুধুই প্রচারণার জন্যই এমন খেয়ালী সিদ্ধান্ত? এই কথা নিয়ে কম জলঘোলা হয়নি। কি হবে তা সময় বলে দেবে। তবে ঘোষনা অনুযায়ী ‘অগ্নি টু’ ছবির কাজে যোগ দিচ্ছেন ঢাকাই ছবির ব্যস্ত এই নায়িকা।
পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্যে ৩০ জানুয়ারি নিউইর্য়ক পৌঁছান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মূলত সেখানে গিয়েই চলচ্চিত্র থেকে বিদায়ের ঘোষণা দেন ফেসবুকে। তখনই জানিয়েছিলেন, ‘অগ্নি ২’ ছবির কাজ শেষ করবেন তিনি। শুক্রবার নিউইয়র্ক থেকে ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছেন মাহি। ভারত থেকে সোজা চলে যাবেন থাইল্যান্ডে। সেখানে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ ছবির শুটিং।
‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অল্পকদিনেই একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম সারির নায়িকার তালিকায় নাম লেখান তিনি। গত ৩১ জানুয়ারি নিউইর্য়কে বসে ফেসবুকের মাধ্যমে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিলে দেশীয় চলচ্চিত্র অঙ্গনে মাহিকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। তবুও কোন মন্তব্য নেই তার, হয়তো সময়ের অপেক্ষাতেই মুখে কুলুপ এঁটে বসে আছেন মাহি।

