
২০১১ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস
স্পোর্টস ডেস্ক : কথায় বলে ‘শেষ ভালো যার, সব ভালো তার’- ভারতের শেষটাই ভালো হলো। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে নাস্তানাবুধ হলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এসে বিশ্বকাপে নবাগত আফগানিস্তানকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ভারতের করা ৫ উইকেটে ৩৬৪ রানের বিশাল রানের পাহাড়কে টপকাতে গিয়ে আফগানরা থেমেছে ৮ উইকেটে ২১১ রানে। ফলে জয়-পারজয়ের ব্যবধানটা দাঁড়াল ১৫৩ রানের।
অবশ্য আফগান পেসে শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছিল ভারত। শিখর ধাওয়ান আর বিরাট কোহলির উইকেট হারাতে হয়েছে ১৬ রানের মধ্যে। সেই ধাক্কা শুধু সামলে ওঠাই নয়, বিশ্বকাপে নবাগত আফগানিস্তানকে রীতিমত রানের পাহাড়ে চাপা দিয়েছে বর্তমান বিশ্বজয়ী ভারত।
শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রানের বিশাল স্কোর করেছে মহেন্দ্র সিং ধোনির দল। ওপেনার রোহিত শর্মার ব্যাটে চড়েই মূলতঃ এতবড় স্কোর গড়তে পেরেছে ভারতীয়রা। ১২২ বলে ১৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলে আউট হন রোহিত। ১২টি চার আর ৭টি ছক্কার মারে সাজানো ছিল তার ইনিংস।
সুরেষ রায়না ৭৫ রানে রান আউট হন এবং আজিঙ্কা রাহানে অপরাজিত থাকেন ৮৮ রানে। ৭১ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৭৫ রান করেন সুরেষ আর ৬১ বলে ১২ চার এবং ২ ছক্কায় ৮৮ রান করেন আজিঙ্কা।
প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অসিদের ৩৭১ রানের বিশাল স্কোরের নীচে চাপা পড়ে হারতে হয়েছিল ১০৬ রানের বিশাল ব্যবধানে। তবে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে নিজেদের আত্মবিশ্বাস ফেরানোর ভালো একটা সুযোগ পেয়ে গেছে মহেন্দ্র সিং ধোনিরা। অ্যাডিলেডে বিশ্বকাপে নবাগত আফগনিস্তানের মুখোমুখি হয়ে টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত রান উৎসব করেছে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে নওরোজ মোগলের ৬০ রান সত্ত্বেও ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারতে হয় আফগানদের।

