নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির সমন্বয়ে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড। আয়োজনে প্রতিদিন চলছে বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং আলোচনা সভা।
সোমবার অনুষ্ঠিত হয় ‘গুগল ইন বাংলাদেশ’ নামক গুগলের কনফারেন্স। সবার সহায়তার মাধ্যমে গুগলের ব্যবহার আর কত সহজ এবং ব্যবহার উপযোগী হতে পারে এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভাটিতে অসংখ্য ছাত্রছাত্রীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
গুগলের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাভি রাজকুমার, গুগলের সিনিওর প্রোগ্রাম ম্যানেজার লিন হা এবং গুগলের ট্রান্সলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যানি মেসার।
এই কনফারেন্সের মূল বিষয় ছিল গুগল কিভাবে কাজ করে, বাংলাদেশে গুগলের ব্যবহার এবং গুগলকে আরও ব্যবহার উপযোগী করতে বাংলাদেশিদের ভূমিকা। তাদের ভাষ্যমতে বর্তমানে বাংলাদেশে গুগল সার্চের ব্যবহার দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সার্চের ধরন আরও উন্নত হচ্ছে। বাংলাদেশ থেকে বেশকিছু সংখ্যক ব্যক্তি গুগলের সঙ্গে কাজ করছে এবং তারা সার্চ ইঞ্জিন, ট্রান্সলেটর এবং গুগল ম্যাপ আরও উন্নত করার কাজে নিয়োজিত রয়েছে।
বাংলাদেশের গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম জানান যে, এখন থেকে শুধু গুগল ডুডলের মাধ্যমে নয়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গুগল ট্রান্সলেটরেও বাংলাদেশের এই দিবসকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে গুগল।
গুগলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লিন হা সব বাংলাদেশিকে গুগল বাংলা ব্যবহার করতে বলেন এবং তিনি আশা করেন ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বহুসংখ্যক মানুষ গুগলকে আরও ব্যবহার উপযোগী করতে গুগল কমিউনিটিতে কাজ করবে।

