নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোটের ৪৮ ঘণ্টার হরতালে আগামী বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রীর আশা, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিরোধী দল হরতাল প্রত্যাহার করবে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০ দলের হরতাল সত্বেও আগামী বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়নি। এছাড়া আগামী শুক্রবার ও শনিবারের পরীক্ষাও যথা নিয়মে চলবে।’
হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীদের তাকিয়ে দয়া করে হরতাল প্রত্যাহার করুন। যদি এটাও সম্ভব না হয় তাহলে পরীক্ষার দুই ঘণ্টা আগে এবং পরীক্ষার দুই ঘণ্টা পর পর্যন্ত হরতাল স্থগিত রাখুন। যাতে ছেলেমেয়েরো নিরাপদে পরীক্ষা দিতে যেতে পারে এবং পরীক্ষার পর বাড়ি ফিরতে পারে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এখনো ২৪ ঘণ্টা সময় আছে। আশা করি, বিএনপি আমাদের আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করবে। এজন্য পরীক্ষা পেছানো হলো না।’

