লিগের প্রথম থেকেই শিরোপা লক্ষ্যে তরতরিয়ে এগিয়ে চলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় এখন তাদের যে অবস্থান, তাতে আর দুটি জয়ই হয়তো যথেষ্ট হবে তাদের শিরোপা নিশ্চিত করার জন্য। শনিবার রাতে ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে লজ ব্লাঙ্কোজরা।
রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেছেন ক্যাসেমিরো এবং লুকাস ভাসকুয়েজ। এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে রয়েছে রিয়াল।
সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। অর্থ্যাৎ, দু’দলের মধ্যে ব্যবধান এখন ১২ পয়েন্টের। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা। তাদের সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে থাকার।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে এই প্রথম কোনো গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ৩৮ মিনিটে গোলের সূচনা করেন ক্যাসেমিরো। ভিনিসিয়ুস জুনিয়রের পিনপয়েন্ট ক্রস থেকে অসাধারণ ডাইভিং হেড নেন ক্যাসেমিরো।
খেলার ৬৮ মিনিটে লুকাস ভাসকুয়েজ রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দ্বিতীয়বার বল জড়িয়ে দেন গেটাফের জালে। এই দুই গোলেই জয় নিশ্চিত হলো রিয়াল মাদ্রিদের।
ম্যাচের শেষে রিয়ালের ব্রাজিলিয়ান অধিনায়ক মার্সেলো বলেন, ‘আমরা একটা শান্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলাম। কিন্তু পরিস্থিতি এতটা শান্ত ছিল না। একেবারে শেষ পর্যন্ত আমাদেরকে দৌড়াতে হয়েছে। শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে। গেটাফেও লড়াই চালিয়ে যাচ্ছিল।’
জানুয়ারিতে যখন লিগের প্রথম পর্বে রিয়াল মাদ্রিদ গেটাফের মাঠে খেলতে গিয়েছিল, তখন লজ ব্লাঙ্কোজদের ১-০ গোলে হারিয়ে দিয়েছিল গেটাফে। চেলসির সঙ্গে সর্বশেষ ৩-১ গোলে জয়ী ম্যাচের স্কোয়াডে চারটি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি।
ওই ম্যাচের একাদশে ছিলেন না মার্সেলোনা, লুকাস ভাসকুয়েজ, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং রদ্রিগো। এই চারজনকেই গেটাফের বিপক্ষে মাঠে নামানো হয়।
শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে গিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু অফসাইডের কারণে বেনজেমার গোলটি বাতিল করে দেয়া হয়।
রিয়াল আরও অনেক সুযোগ তৈরি করে। যেমন মার্সেলোর একটি শট যখন নিশ্চিত গোল হয়ে যাচ্ছিল, তখন ঝাঁপিয়ে পড়ে গেটাফেকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড সোরিয়া। লুকাস ভাসকুয়েজ নেটের পাশে শট মেরে দেন, ফেডে ভালভার্দের গোলও ফিরিয়ে দেন সোরিয়া, ভিনিসিয়ুস জুনিয়রেরও একটি গোলের চেষ্টা প্রতিহত করে দেয় গেটাফের ডিফেন্স।

