মৃত্যুর এক যুগ আগেই নিজের মৃত্যুর বার্তার লিখেছিলেন কিংবদন্তি শেন ওয়ার্ন। থাইল্যান্ডের একটি দ্বীপে ছুটি কাটাতে গিয়ে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ কিংবদন্তি ক্রিকেটার। তার এক পুরোনো সাক্ষাৎকারে জানা গেছে, মৃত্যুর বার্তা লেখার তথ্য।
২০১৮ সালে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মৃত্যুর বার্তা লেখার কথা জানিয়েছিলেন ওয়ার্ন। সেটি মূলত ছিল ২০১০ সালে মনোবিদের সঙ্গে কাটানো একটি সেশনের অংশ। বন্ধুস্থানীয় মনোবিদ জেরেমি স্নেপের পরামর্শে মৃত্যুর বার্তা লিখেছিলেন ওয়ার্ন।
দীর্ঘ সেই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে অনেক কথার শেষ দিকে ওয়ার্নের কাছে প্রশ্ন রাখা হয়, ‘আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে হয়তো আপনার সামনে ৩০ বছর সময় বাকি আছে। এই সময়টায় আপনি কী করতে চান?’
উত্তরে ওয়ার্ন বলেন, ‘আমি সবাইকে উৎসাহিত করবো, যদি আপনাদের কোনো বিষয় নিয়ে চিন্তা থাকে বা কোনো ঝামেলায় থাকেন, তাহলে কারও (মনোবিদ) সঙ্গে দেখা করুন। এটি খুব জরুরি মনোবিদের সঙ্গে কথা বলা। আমার মনে হতো, এটি প্রয়োজন নেই। আমার এটি প্রয়োজন নেই।’
‘ঠিক তখন আমি এলিজাবেথ হার্লির সঙ্গে ডেট করছিলাম। আমি তখন ভালো মানুষ হতে চাচ্ছিলাম। শুধু এলিজাবেথের জন্য নয়, বাচ্চাদের জন্য। আমি ভাবতাম, এসব ফালতু বিষয় নিয়ে আর পারছি না। আমাকে ভালো হতে হবে। আমি বুঝতে চাচ্ছিলাম কেনো এমন হয়।’
‘জেরেমি স্নেপের সঙ্গে আমার দেখা হয়। সে খুবই ভালো বন্ধু। আমরা প্রথমে যে কাজটি করি তা হলো, একটি হোটেল রুমের মধ্যে প্রায় এক সপ্তাহ কাটাই। সে আমাকে বলে যে, এটি কিন্তু সহজ হবে না। আমি তখন বলি, শুরু করো। আমি বিষয়টি বুঝতে চাই।’
‘এরপর সে আমাকে প্রথমেই বলে, নিজের মৃত্যুর বার্তা লিখো। আমি কয়েকবার চেষ্টা করি লিখতে। কিন্তু একবারও পছন্দ হয়নি। তখনই আমি বুঝতে পারি যে, নিজেকে নিয়ে আমি খুশি নই। তখন আমার মধ্যে ভাবনা আসে নিজেকে বদলাতে হবে। আরও ভালো হওয়ার জন্য কিছু করতে হবে। আমি সেগুলো চেষ্টা করেছি। আমার মতে খুব ভালোই করেছি।’
‘এটি ছিল আজ (২০১৮) থেকে ৮ বছর আগে (২০১০ সালে)। হয়তো আমি এখন আরও ভালো হচ্ছি, আরও ভালো বুঝতে পারছি। আমি এখন নিজেকে নিয়ে খুশি, নিজেকে বুঝতে পারি। এটি ছিল আমার লড়াইয়ের অর্ধেক অংশ। সেই এক সপ্তাহ খুবই দারুণ ছিল।’

