স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড।
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে উইন্ডিজের ছুঁড়ে ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ বল বাকি থাকতেই নয় উইকেটের বিশাল জয় পায় ইয়ন মর্গান বাহিনী। ব্যাট হাতে ৪৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংলিশ ওপেনার মঈন আলি।
টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ক্যারিবিয়ানদের টপ অর্ডারের দুই স্তম্ভ ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভো কোনো রান না করেই সাজঘরে ফেরেন। পরে ব্যর্থতার মিছিলে যোগ দেন মারলন স্যামুয়েলস (১০), দিনেশ রামদিন (৬), জোনাথন কার্টার (৭), ড্যারেন সামি (১২), আন্দ্রে রাসেল (৭) ও অধিনায়ক জেসন হোল্ডারও (১)। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৭.৩ ওভারে ১৯ রানে পাঁচ উইকেট দখল করেন। দুটি উইকেট পান স্টিভ ফিন।
এরপর লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে কেবলমাত্র মঈন আলির উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ২২.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ইংলিশরা। ৬৮ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন ইয়ান বেল। ফিনিশিং ল্যাপ দেয়ার আগে অপরাজিত ছিলেন জেমস টেইলরও। ২৫ রান করেন তিনি। ৪৩ বলে ৯ চারে ৪৬ রান করে ম্যাচ সেরা মঈন আলি।

