বিনোদন ডেস্ক : বিচার করবেন জ্যোতি, তার উপরই নির্ভর করছে প্রতিযোগীদের ভাগ্য। নাটকের দৃশ্য নয়, ব্যক্তিগত জীবনে প্রথমবারের মত বিচারক হলেন জ্যোতিকা জ্যোতি। একটি অঞ্চলে শম্পা রেজা ও তমালিকা কর্মকারের সঙ্গে ‘নাট্যযুদ্ধ’ এর বিচারক তিনি। বিচার নিয়ে জ্যোতি বলেন, ‘প্রায় ছয় মাস আগে কাজটি করেছিলাম। এখন পর্বগুলো এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। কাজটি মজার ছিল।’
২৬ মার্চ স্বাধীনতার শুভক্ষণে মুক্তির সম্ভাবনা রয়েছে জ্যোতি অভিনীত চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। তবে পরিচালক মোরশেদুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ বলে অনিশ্চয়তা আছে মুক্তির তারিখ নিয়ে। এছাড়া বিশেষ দিবসের একাধিক নাটকে অভিনয় করবেন জ্যোতি। স্বাধীনতা দিবসকে সামনে রেখেই মুক্তি পাবে শর্ট ফিল্ম ‘গর্ত’।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গল্পটি খুবই সুন্দর। পরিচলানা করেছেন সালেকিন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার বাহিনী গ্রামে অতর্কিত হামালা চালালে প্রাণ বাঁচাতে একটি মেয়ে আশ্রয় নেয় গর্তে। হঠাৎ একইভাবে সেই গর্তে এসে লুকায় আরেকটি ছেলে। প্রচন্ড গোলাগুলির মধ্যে একের পর এক লাশ এসে পরে সেখানে। লাশের ভীড়ে নিজের বাবাকে খুঁজে পায় মেয়েটি। ভোর হওয়ার আগেই মেয়েটি সিদ্ধান্ত নেয়, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে যাবে সে। কষ্ট করেই কাজটি করেছি। আমার বিশ্বাস শর্টফিল্মটি প্রসংশিত হবে।’
শেষ হয়েছে সিনে ব্যস্ততা, তাই এ বছরের শুরু থেকেই অনেকগুলো খণ্ড নাটকে অভিনয় করেছেন জ্যোতি। পাশাপাশি চলছে বিভিন্ন চ্যানেলে ধারাবাহিক নাটক। চলো হারিয়ে যাই, ভেঙে যাওয়া স্বপ্নগুলো, জুয়াড়ি, বিজলী, সোনার কাঠি রূপার কাঠি প্রভৃতি নাটকের নিয়মিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

