বিনোদন ডেস্ক : দিনে দিনে উপরের দিকে উঠছে তার ক্যারিয়ারের কেরিয়ারগ্রাফ। বলিউডে তার আসন পোক্ত করে নিয়েছেন শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। ‘কিক’-এর সাফল্যের পর হাত ভর্তি সিনেমা। এবার ক্রিকেটার আজহার উদ্দিনের বায়োপিকে দেখা যাবে তাকে। আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানির ভূমিকায়।
প্রাক্তন মডেল-অভিনেত্রী সঙ্গীতার সঙ্গে মিল রয়েছে জ্যাকলিনের। এই চরিত্রের জন্য পরিচালক প্রথমে চেয়েছিলেন করিনা কাপুরকে। ‘উড়তা পাঞ্জাব’ ছবির শুটিংয়ের জন্য সময় দিতে পারেননি বেবো। এরপরেই প্রস্তাব আসে জ্যাকলিনের কাছে। এমন এক আকর্ষণীয় চরিত্রের জন্য ‘হ্যা’ বলতে দেরি করেননি ২৯ বছর বয়সী এই বলিউড সুন্দরী। তবে মিডিয়ার কাছে এখনই এ ব্যাপারে মুখ খোলেননি। বেশি কিছু বললে যদি শেষ মুহূর্তে বাদ পড়ে যান!
ছবিতে আজহারের ভূমিকায় ইমরান হাশমি অভিনয় করছেন। তার প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাবে প্রাচী দেশাইকে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের বর্ণময়, বিতর্কিত চরিত্রের মতোই গ্ল্যামারাস সঙ্গীতার জীবন। তাই ছবিতে জ্যাকলিন যে ভালো অভিনয়ের সুযোগ পাবেন তা বলার অপেক্ষা রাখে না। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পচ্ছে ‘রয়’। রণবীর কাপুর এবং অর্জুন রামপালের সঙ্গে ভালো অভিনয় করে ইতোমধ্যেই আলোচনায় জ্যাকলিন। এছাড়াও ‘বাঙ্গিস্থান’, ‘অ্যাকোর্ডিং টু ম্যাথিউ’, ‘ব্রাদার্স’ এবং হলিউডি ছবি ‘ডেফিনিশন অব ফিয়ার’ মুক্তি পাবে ২০১৫ সালে। সবমিলিয়ে এ বছরই শীর্ষ নায়িকাদের তালিকায় নিজেকে অন্যতম প্রমাণ করতে আশাবাদী জ্যাকলিন ফার্নান্দেজ।

