স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সাত দিন আগে বাংলাদেশের সোহাগ গাজীর সাথে বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পেয়েছেন পাকিস্তানের সাঈদ আজমলও। চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছেন আইসিসি ওডিআই র্যাংকিংয়ের এক নাম্বার বোলার। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
ওই বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সব ধরনের পরীক্ষায় এটা প্রমাণ হয়েছে যে সোহাগ ও আজমলের সব ধরনের ডেলিভারিতে কনুইয়ের বর্ধন আইসিসির বেধে দেয়া সীমা ১৫ ডিগ্রির মধ্যেই থাকে। অবশ্য ভবিষ্যতে আম্পায়াররা চাইলে আবারো এই দুই স্পিনারের বোলিং নিয়ে রিপোর্ট করতে পারবে। অর্থাৎ, সন্দেহ জাগলে আবার বায়োমেকানিক্যাল টেস্টের জন্য এই জোড়কে ডাকতে পারে আইসিসি।
এর আগে পাকিস্তানের ১৫ জনের চূড়ান্ত বিশ্বকাপ দলে থাকার পরেও নিজেকে প্রত্যাহার করে নেন আজমল। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ক্লিনচিট নিয়েই অর্থাৎ, পুরো বৈধতা নিয়ে ফেরার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন ৩৭ বছর বয়সী অভিজ্ঞ স্পিনার। কিন্তু দুঃখের বিষয় হলো এমন এক সময় আজমল মুক্ত হলেন যা তার বিশ্বকাপ দুঃখ বাড়াবে বৈ কমাবে না। কেননা ২০১৫ বিশ্বকাপের অংশ হতে পারতেন তিনিও।

