স্পোর্টস ডেস্ক : আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বৈধতা ফিরে পেলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। আইসিসির নেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন টাইগার স্পিনার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী মোবাইলে নিশ্চিত করেন, শনিবার আইসিসির কাছ থেকে মেইল পেয়েছে আমরা। সেই মেইলে সোহাগ গাজীর বোলিং অ্যাকশনের বৈধতা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সোহাগ বলেন, ‘আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছি এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। আর এটা নিয়ে অনেকদিন থেকে বেশ চাপে ছিলাম আমি।’
এর আগে গেল জানুয়ারি মাসের ২৪ তারিখে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার শোধরানো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সোহাগ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশাবাদও ব্যক্ত করেছিলেন ২৩ বছর বয়সী স্পিনার। সেই পথেই হাঁটলেন সোহাগ। তারও আগে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিল সোহাগ। ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে তার ফল জানায় আইসিসি। যেখানে বলা হয় সোহাগ গাজীর সব বলেই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙেন তিনি। প্রসঙ্গত, গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগের বোলিং নিয়ে প্রশ্ন ওঠে।
আইসিসি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের পরীক্ষায় এটা প্রমাণ হয়েছে যে সোহাগ ও আজমলের সব ধরনের ডেলিভারিতে কনুইয়ের বর্ধন আইসিসির বেধে দেয়া সীমা ১৫ ডিগ্রির সীমার মধ্যেই থাকে। অবশ্য ভবিষ্যতে আম্পায়াররা চাইলে আবারো এই দুই স্পিনারের বোলিং নিয়ে রিপোর্ট করতে পারবেন। অর্থাৎ, সন্দেহ জাগলে আবার বায়োমেকানিক্যাল টেস্টের জন্য এই জোড়কে ডাকতে পারে আইসিসি।

