স্পোর্টস ডেস্ক : গত আসরে খেলতে পারেননি বিসিবির অনুমতি না মেলায়। তা নিয়ে বহুত ঝামেলাও পোহাতে হয়েছে বিশ্বসেরা এই অল রাউন্ডারকে। তবে চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন সাকিব আল হাসান।
ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের খসড়া তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সাকিব রয়েছেন সেন্ট লুসিয়া ফ্রাঞ্চাইজি দলে। সাকিবের দাম ধরা হয়েছে ৫০ হাজার ডলার। দামের বিচারে দলে পঞ্চম অবস্থানে রয়েছেন সাকিব। এ ক্ষেত্রে সবার ওপরে রয়েছেন ড্যারেন স্যামি (দেড় লাখ ডলার), রস টেলর (এক লাখ ডলার), কেভিন পিটারসেন (৮০ হাজার), জনসন চার্লস (৭০ হাজার)। তবে তারা চারজনই গত মৌসুমে সেন্ট লুসিয়ার হয়েই খেলেছিলেন ।
খসড়া প্রকাশ হওয়ার আগেই উচ্ছ্বসিত সাকিব টুইট করেছেন, ‘সিপিএল খসড়া প্রকাশ হচ্ছে আজ (শুক্রবার), ভীষণ রোমাঞ্চিত। আশা করছি, ‘সবচেয়ে বড় উৎসবে’ অংশ নেওয়ার সুযোগ পাব।’
এদিকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়ার পাকিস্থানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডারের দাম দেড় লাখ ডলার।

