স্পোর্টস ডেস্ক : গত মাসেই বিদায় জানিয়েছেন সব ধরনের ক্রিকেটকে। তবে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না ব্রেট লিকে, এমন ভাবনা ভক্ত-সমর্থকদের কষ্টই দিতে পারে। তবে মাঠে না থাকলেও দ্রোনাচার্যের ভূমিকায় দেখা যেতে পারে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারকে। আয়ারল্যান্ডের খন্ডকালীন বোলিং কোচ হিসাবে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন ব্রেটলি।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে খণ্ডকালীন চুক্তিতে রাজি হয়েছেন ব্রেটলি, আইরিশদের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। আসন্ন বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে ব্রেট লি’কে অন্তর্ভুক্ত করতে পারায় দারুণ উচ্ছ্বসিত আয়ারল্যান্ডের প্রধান কেকাচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘ফাস্ট বোলিং সম্পর্কে ব্রেট লি’র অসাধারণ জ্ঞান রয়েছে। তার সার্বিক দিক-নির্দেশনা আমাদের বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এবং তাদেরকে ভালো করতে সাহায্য করবে। দু’বারের বিশ্বকাপজয়ী ব্রেট লি’র দ্বারা দলের সব বোলারই উপকৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্টে ৩১০ উইকেট লাভ করেছেন ব্রেটলি। ২২১ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৮০টি। বিশ্বকাপে পুল বিতে খেলবে আয়ারল্যান্ড। যেখানে আইরিশদের মোকাবেলা করতে হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত।

