ঢাকাSaturday , 2 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে শি জিনপিংকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Link Copied!

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ অক্টোবর) এ উপলক্ষে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার মাধ্যমে দেশটির সরকার ও সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল, যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।’
তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এসময় দুই নেতা বাংলাদেশ-চীন সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে তিনি চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস, আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।