ঢাকাWednesday , 29 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধামাকা শপিংয়ের সিওওসহ ৩ জন গ্রেপ্তার

Link Copied!

অনলাইনে পণ্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে প্রতারণা করে গ্রাহকদের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ধামাকা শপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার টাকা পরিশোধ করেও পণ্য না পাওয়ায় টঙ্গীতে ধামাকার ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১১ জনের বিরুদ্ধে মামলা করেন টঙ্গীর মো. শামীম খান। তিনি পোশাক কারখানার যন্ত্রাংশের ব্যবসা করেন।

মামলায় বিবাদী করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিশতী (৫৭), চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), সিওও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেবকর দে শুভ (৩২), নাজিম উদ্দিন আসিফ (২৮), এজিএম হেড অব অ্যাকাউন্টস সাফোয়ান আহমেদ (৪১), ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন (৪৬), আসিফ চিশতী (২৬), সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন (৩৫) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫)।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা গ্রাহকের মামলায় ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আটক করে র‌্যাব।