স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেস লিগায় দুর্দশা অব্যাহত রয়েছে টুর্নামেন্টটির রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের।
বুধবার ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ১০ জনের অসবার্গের বিপক্ষেও ১-০ গোলে হারতে হয়েছে জার্গেন ক্লপের শিষ্যদের। যাতে করে লিগ পয়েন্ট টেবিলের তলানিতে স্থান আরো পোক্ত হলো ‘ইয়োলো থান্ডার’দের।
১৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট তাদের। অবিশ্বাস্য হলেও সত্য ১৮ দলের মধ্যে ১৮তম স্থানে তারা। বরুশিয়ার ঠিক আগে পয়েন্ট টেবিলের ১৭ নাম্বারে আছে হার্থা। ঝুঁলিতে ১৮ পয়েন্ট তাদের। রেলিগেশনের খঁড়ায় থাকা বাকি দলটি স্টুটগার্ট।
এদিন খেলার প্রধমার্ধে গোলশূন্য ছিল ডর্টমুন্ড-অসবার্গ দ্বৈরথ। দ্বিতীয়ার্ধে ফিরে খেলার ৫০ মিনিটে অচলাবস্থা ভাঙেন অসবার্গের আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বোবাডিলা। ১২ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন বুয়েন্স আয়ার্স ফুটবলার।
ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ ক্লপ বলেন, ‘কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না তার দলের।’ প্রসঙ্গত, বরুশিয়া ডর্টমুন্ড ২০১০ ও ২০১১ সালে টানা দু বছর জার্মান বুন্দেস লিগার খেতাব জেতে। এরপর দু বছর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলে তারা। অথচ তাদের অবস্থা এখন অবিশ্বাস্য করুণ!

