চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহ-অবস্থান নিশ্চিত ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের ধর্মঘটের শেষ দিনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কার্যক্রম বন্ধ থাকায় কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও বাস চলাচল করলেও শিক্ষার্থীরা ভয় ও আতঙ্কে ক্যাম্পাসে আসেনি। যার ফলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।
এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে গিয়ে দেখা যায়, বিভাগগুলোর অফিস এবং বিভাগীয় চেয়ারম্যানের অফিস খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থী ছিল ফাঁকা।
ধর্মঘটে নাশকতা ঠেকাতে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক প্লাটুন পুলিশ ক্যাম্পাসে টহল দিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজদৌলা বলেন, ‘নাশকতার ভয়ে শিক্ষার্থী আসেনি কিন্তু ক্যাম্পাসে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’
হাটাহাজারি থানার কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘ক্যাম্পাসে যে কোনো ধরনের নাশকতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মিঠু বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বুধ ও বৃহস্পতিবার ছাত্রধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

